ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের সোয়ারগাঁও নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অটোরিকশা চালক খোকন দেব উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নের একারাই গ্রামের ঝন্টু দেবের ছেলে। বর্তমানে তার পরিবার গোয়ালাবাজারে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। এদিকে, পরিবারের একমাত্র উপার্জনকারী ৩ ছেলে সন্তানের জনক অটোরিকশা চালকের আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা।
জানা গেছে, নিহত চালক তার অটোরিকশায় (মৌলভীবাজার-থ ১১-১০৭৩) সিলেট থেকে গ্যাস লোড করে গোয়ালাবাজারের দিকে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্র সিলেটগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-৫৮১৪) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বালাগঞ্জ (তাজপুর) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা নিহত চালকের খণ্ডিত দেহ ঘটনাস্থল থেকে বডিব্যাগে তুলে আনেন। সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুক মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে উপর্যুপরি
দায়ের কোপ!
ওসমানীনগরে ছিনতাইকারীদের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার তাজপুর কদমতলা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। আহত সুমন দেব উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস গ্রামের সুভাষ রঞ্জন দেবের ছেলে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।