গত কয়েক বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রতিবন্ধী শিশুরা বিনামূল্যে বিনোদনের সুযোগ পাচ্ছে। বাণিজ্য মেলার পূর্ব পাশে (ভিআইপি গেট দিয়ে ঢুকে ইপিবি অফিসের নিকটবর্তী) প্রতিবন্ধী শিশুদের এ শখ মেটাচ্ছে সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়ার্ল্ড নামক শিশু পার্কটি। এখানে ট্রেন, টু-ইস্ট, নাগরদোলা, হেলিকপ্টার, ঘূর্ণিসহ রয়েছে বেশ কয়েকটি রাইড। গতকাল পার্কটিতে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে রাইড সেবা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে বিভিন্ন রাইডে চড়ে গল্প করে কিছু সময় কাটান।
বাণিজ্য মন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না, তারা সমাজের মূল ধারায় এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ তাদের নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, চলতি বছরই পূর্বাচলে বিভিন্ন পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হবে। তবে বাণিজ্য মেলা আপাতত আগারগাঁওয়েই থাকবে। একটা আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন হয়, পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তবে চলতি বছর বা চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে। সেখানে টেক্সটাইলসহ রফতানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তবে আগারগাঁওয়ে মেলা আগের মতোই চলবে।
এ সময় উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য্য, মেলা কমিটির সদস্য সচিব আবদুর রউফ, ইপিবির পরিচালক মো. জাহাঙ্গীরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মেলার পার্কটি ঘুরে দেখা যায়, শিশুরা বিভিন্ন রাইডে চড়ে সবার সাথে হই-হুল্লোড় আর আনন্দ উল্লাসে মেতে উঠেছে। শিশুদের সঙ্গে অভিভাবকরাও অংশ নিচ্ছেন। সাধারণ শিশুদের জন্য প্রতিটা রাইডে যেখানে নেওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। সেখানে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে এ আনন্দ উপভোগের সুযোগ দেওয়া হচ্ছে।
সারিকা ফ্যান্টাসি এমাজিং ওয়ার্ল্ড-এর সিইও মাহবুবুর রহমান পলাশ বলেন, সমাজের যে যার অবস্থান থেকে যদি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ায়, তবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা হবে না, তারা দেশের সম্পদে পরিণত হবে। শাহবাগের জাতীয় শিশু পার্ক বন্ধ হয়ে যাওয়ার শিশুদের বিনোদনের ব্যবস্থা সংকুচিত হয়ে গেছে। তাই এবারের মেলায় আমরা পার্কে রাইডের সংখ্যা বৃদ্ধি করেছি।