দাকোপ (খুলনা) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ফেব্রুয়ারি মাসে তফসিল ঘোষণা এবং মার্চে নির্বাচন হতে পারে এমন সম্ভাবনায় দাকোপ উপজেলার বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একাধিক চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। এছাড়া পৃথক দুটি পদে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও প্রচারণা শুরু করেছেন।
প্রথম দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের মাঠে দেখা না গেলেও আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল হোসেনকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে যারা দলীয় মনোনয়ন চাইতে পারেন তারা হলেন চালনা পৌরসভার সাবেক মেয়র ও অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মণ্ডল, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক লাউডোব সাবেক ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাংগঠনিক সম্পাদক কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কুমার মণ্ডল এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুনসুর আলী খান।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মিহির কুমার মণ্ডল বলেন, অনেকে মনোনয়ন চাইবেন বলে তিনিও চাইবেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, মনোনয়ন দেওয়ার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কাছে মনোনয়ন চাইবো। তিনি যাকে দেওয়ার দেবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় বলেন, দলের কাছে অবশ্যই তিনি মনোনয়ন চাইবেন। দু-একদিনের মধ্যে দলের মিটিং হবে ওই মিটিংয়ে তার নাম কেন্দ্রে যাবে বলে জানান।
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. মুনসুর আলী খান জানান, মনোনয়ন দেবে বোর্ড। তিনি মনোনয়ন পাওয়ার চেষ্টায় আছেন।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল হোসেন বলেন, দলের বর্ধিতসভায় তার একক নাম কেন্দ্রে যাবে বলে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত নিয়ে সিদ্ধান্ত হয়েছে। তিনিই দলের একক প্রার্থী বলে জানান এবং মনোনয়ন তিনি পাবেন বলে আশাবাদী।
তবে চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি গৌরপদ বাছাড়, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন মোল্যা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খাদিজা আক্তার, বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শুভদ্রা সরকার, সুলেখা সরদার ও মলিনা জোয়ার্দ্দার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।