বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহূত

পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

বনদস্যু মামা-ভাগ্নে বাহিনী দুবলারচরের অদূরে বঙ্গোপসাগরের মান্দারবাড়ীয়া উপকূলে জেলেবহরে হানা দিয়ে ১০ জেলেকে অপহরণ করেছে। শুক্রবার গভীর রাতে এ অপহরণের ঘটনা ঘটে। অপহূতদের বাড়ি বাগেরহাটের রামপালের বিভিন্ন এলাকায়।

দুবলা ফিসারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক মত্স্য ব্যবসায়ী মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার আলোরকোলে শুঁটকি প্রক্রিয়াকরণের মৌসুমি জেলেরা শুক্রবার সকালে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। দিন শেষে মান্দারবাড়ীয়া উপকূলে সাগরে মাছ ধরার সময় গভীর রাতে একটি বোটে করে সশস্ত্র বনদস্যু গ্রুপ এসে জেলেবহরে হানা দিয়ে প্রথমে ১৮টি মাছধরা বোট থেকে ১৮ জন মাঝি জেলেকে তাদের বোটে উঠিয়ে নেয়। পরে ৮ জনকে ছেড়ে দিয়ে ১০ জেলেকে নিয়ে সদস্যুরা সুন্দরবনের দিকে চলে যায়। দস্যুরা যাবার সময় জেলেদের কাছে তাদের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর দিয়ে যায়।

অপহূত মাঝি জেলেরা হচ্ছে,  রামপালের  শ্রীফলতলা  গ্রামের বাবু শেখ, বাকি শেখের পুত্র রাসেল শেখ, সালাম শেখ, তোলাকুমার দাস, রনবিজয়পুর গ্রামের রুবেল শেখ, বাঁশতলী গ্রামের রুবেল, বেতবুনিয়া গ্রামের বাবু শেখ (নওমুসলিম), চন্দ্রাখালী গ্রামের রুহুল সরদার, গিলাতলা গ্রামের আরিফ শেখ এবং বটিয়াঘাটার বুজবুজিয়া গ্রামের আরাফাত শেখ।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা অপারেশন অফিসার লে. মো. বায়েজিদ বলেন, জেলে অপহরণের কোনো খবর তার জানা নেই। তবে গোয়েন্দা সূত্রে কয়েকদিন ধরে দস্যুদের আনাগোনার খবর শুনেছেন।