সংসদ সদস্য খোকনের ক্ষোভ!
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনী হাসপাতালে রোগীদের মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। গত শনিবার দুপুর ১২টার সময় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দেওয়ার বিষয়টি দেখতে পান।
এসময় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে কর্তব্যরত চিকিত্সকদের প্রতিটা রুমে গিয়ে তাদের সাথে কথা বলেন। পরে তিনি রোগীদের চিকিত্সার খোঁজ-খবর নেন এবং দুস্থ রোগীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। পরে গাংনী হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের যথাযথ চিকিত্সাসেবা প্রদান ও খাবারের মান বজায় রাখার আহ্বান জানান। এ সময় আরএমও বিডি দাশ পিকলু, সহকারী সার্জন সজীব উদ্দীন স্বাধীন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।