লোহাগড়ায় বাড়িছাড়া দু’শ’ পরিবার ফিরলো বাড়িতে

লোহাগড়া( নড়াইল) সংবাদদাতা 

লোহাগড়ায় একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উপজেলার মল্লিকপুর ইউরি পার-মল্লিকপুর গ্রামের বাড়িছাড়া  দুই শতাধিক পরিবার দীর্ঘ ৯ মাস পর ফিরলো নিজ নিজ বাড়িতে। দীর্ঘদিন পর পরিবার-পরিজন নিয়ে বাড়িতে ফিরতে পেরে তারা সবাই খুশি। এ উপলক্ষে  গত শনিবার বিকালে পুলিশ প্রশাসনের উদ্যোগে পার-মল্লিকপুর গ্রামের বিবদমান বিরোধ নিরসনকল্পে স্থানীয় ফুটবল মাঠে এক সম্প্রীতির বন্ধন বিষয়ক সভার আয়োজন করা হয়। মল্লিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল হক কচির সভাপতিত্বে  এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার জসিমউদ্দিন পিপিএম, পুলিশ সুপারের সহধর্মিনী নাহিদা চৌধুরী সুমী, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, লোহাগড়া থানার ওসি প্রবীর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, মল্লিকপুর ইউপির চেয়ারম্যান শিকদার মোস্তখা কামাল, সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান, মাতুব্বর উজ্জল ঠাকুর ও হিমায়েত হোসেন হিমু। 

উল্লেখ্য, উপজেলার পার-মল্লিকপুর গ্রামে দীর্ঘদিন ধরে মাতুব্বর হেমায়েত হোসেন হিমু ও  ইউপি মেম্বর উজ্জল ঠাকুর গ্রুপের মধ্যে গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সালে এক  সংঘর্ষে উজ্জল ঠাকুর সমর্থক খায়ের মৃধা নিহত হয়। এ ঘটনায় নিহতের বোন রেক্সোনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় ৫১ জনের বিরুদ্ধে মামলা করে। এ ঘটনায় ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে বসবাস করে আসছিলো। দীর্ঘদিন পর এসব পরিবারের সদস্যরা প্রশাসনের উদ্যোগে বাড়িতে ফিরতে পারায় তাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।

এ ব্যাপারে পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, আসামি ও বাদীপক্ষ যাতে সামাজিকভাবে এবং  শান্তিপূর্ণভাবে নিজ গ্রামে বসবাস করতে পরে এজন্য আজকের এই সম্প্রীতির বন্ধন করে দু’পক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।