জামালপুরে আওয়ামী লীগের
পাঁচ এমপিকে গণসংবর্ধনা
জামালপুর প্রতিনিধি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর জেলার পাঁচটি আসনে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় পাঁচজন সংসদ সদস্যকে গণসংবর্ধনা দিয়েছে জামালপুর জেলা আওয়ামী লীগ। গত শনিবার বিকেলে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই জেলার পাঁচটি আসনের মধ্যে জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মো. মুরাদ হাসান ও জামালপুর-৫ আসনের সংসদ সদস্যকে প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট উপহার প্রদান করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট আইনজীবী মুহম্মাদ বাকী বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ভূমি মন্ত্রী আলহাজ রেজাউল করিম হীরা এমপি। এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, গণসংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকী, পৌর মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরা চৌধুরী, জেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার ৫তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিনসহ এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ। এর আগে মোকতাদির চৌধুরী এমপি শহরের কাউতলীতে আধুনিক সেবাসম্পন্ন কমফোর্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃ আবু সাঈদসহ হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার আক্তার জামিল। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন, আলাউদ্দিন মাস্টার, সিরাজ উদ্দিন, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
পাইকগাছার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছা থানার নবাগত ওসি মোঃ এমদাদুল শেখের সাথে মতবিনিময় করেছেন পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গত শনিবার দুপুরে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসি রহমত আলী, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক হেন্দু বিকাশ, সমাজকল্যাণ সম্পাদক প্রমথ রঞ্জন সানা, ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার, নজরুল ইসলাম, বি সরকার, এমআর মন্টু, রবিউল ইসলাম, আলাউদ্দীন রাজা, জিএ গফুর ও প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি।
বদলগাছীতে তথ্য অধিকার আইন বিষয়ক সভা
বদলগাছী (নওগাঁ) সংবাদদাত বদলগাছীতে তথ্য অধিকার আইন-২০০৯ জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে গত শনিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মঞ্জুর এ মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল মামুন। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জবির উদ্দীন, বদলগাছী উপজেলার সমাজসেবা অফিসার মোঃ তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
কিশোরগঞ্জে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল রবিবার ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির ওপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সরেজমিন গবেষণা বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে এবং এতে ৬০জন কৃষক অংশ নেয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপ-কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন। এতে প্রধান অতিথি ছিলেন, ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন প্রকল্প সমন্বয়কারী ড. মোঃ আলিমুর রহমান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুম ও জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল। পরে করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে ভাসমান সবজি চাষিদের উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা কালীগঞ্জে ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৯২ জন এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা জেএসসি জিপিএ-৫ প্রাপ্ত ১১০জনসহ মোট ৬০০জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। গতকাল রবিবার এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াজেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিন আক্তার, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা খাতুন প্রমুখ।
কোটালীপাড়ায় কম্বল বিতরণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার জেলা পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক, ভাঙ্গার হাট নৌ তদন্ত কেন্দ্রের আইসি লুত্ফর রহমান, কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন। এর আগে সকাল ১০টায় কোটালীপাড়া থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল মন্নু।
যশোরে জাগরণী চক্র ফাউন্ডেশনের কম্বল বিতরণ
যশোর অফিস বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন ক্ষুদ্রঋণ কর্মসূচির সদস্যদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছে। গতকাল রবিবার মাইক্রেক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী সদস্যদের হাতে কম্বল তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের সূচনা করেন। উল্লেখ্য, এ বছর সংস্থা মোট ১৭ হাজার কম্বল বিতরণ করছে। এর মধ্যে চুয়াডাঙ্গায় ২ হাজার, কুষ্টিয়ায় আড়াই হাজার, পাবনায় সাড়ে ৬শ, রংপুরে ২ হাজার একশ, রাজশাহীতে এক হাজার ৬শ ৫০টি, ফরিদপুরে ২ হাজার, মানিকগঞ্জে এক হাজার, সাতক্ষীরায় ৩ হাজার এবং যশোরে ২ হাজার একশ কম্বল বিতরণ করা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে বলে জনসংযোগ কর্মকর্তা হাসিব নেওয়াজ জানিয়েছেন।
নিকলীতে ২০০ কৃতী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা হাজী মিঞাচাঁন্দ কারার, মীর হোসেন কারার, আছির উদ্দিন কারার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার নিকলীতে উপজেলার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক সিনিয়র শিক্ষক মো. আবদুল জব্বারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ -৫ নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলার প্রবীণ রাজনীতিক কারার গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মত্ শাহীনা আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রফেসার সৈয়দ মাজায়ারুল হক মারজান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসার সামছুজামান মিলকী, উপজেলার ১৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফাউন্ডেশনের সদস্য সচিব নিকলী সরকারি মুক্তিযোদ্ধা আর্দশ কলেজের অধ্যক্ষ কারার মাহমুদা পারভিন।