মির্জাপুরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। গতকাল রবিবার দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক মিজান বলেন, বর্ধিত সভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখন পুরোপুরি শান্ত।