সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এমপিওভুক্তদের অবসর ও কল্যাণের চাঁদা ৬% থেকে ১০% বাড়িয়ে জানুয়ারি ২০১৯ থেকে কার্যকরের নির্দেশ জারি হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি মাধ্যমিক ০৩, ১৭.১২.২০৮খ্রি.-র নং ৭.০০.০০০০.০৭৪.০০২.২০১৬.৫১৫ প্রজ্ঞাপনেও একইরকম বলা হলেও পরবতী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি, ঐ বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি এমপিওভুক্তদের বহুল প্রত্যাশিত ৫% বাস্তবায়ন করলেন, সরকারি চাকরিজীবীর অনুরূপ বৈশাখীভাতার ঘোষণাও দিয়েছেন। তিনি অবসর ও কল্যাণভাতা প্রাপ্তিতে যেন বিলম্ব না হয় এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও দেন। তবে নতুন বর্ধিত ৪% কর্তনের ফলে বিষয়টি দাঁড়াল, ৫% দিয়েই ৪% কর্তন! এমপিওভুক্তগণ পূর্ণাঙ্গ মেডিকেল ও উত্সব ভাতা পান না। তাঁরা পদোন্নতি, স্বেচ্ছাঅবসর, বদলি সুবিধা, গৃহঋণসহ অসংখ্য বঞ্চনার শিকার। তাঁরা সবাই ১০০০ টাকা বাড়িভাড়া, চিকিত্সাভাতা ৫০০ টাকা পান। নতুন নির্দেশের ফলে এমপিওভুক্তগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। আশা করি, কারিগরি বোর্ডের নির্দেশটি শীঘ্রই প্রত্যাহার করা হবে।
মো. আলী এরশাদ হোসেন আজাদ
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ,
কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর ১৭৩০