আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে তারা নির্বাচনে হেরেছে। বিপরীতে তারা আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করেছে। গতকাল রবিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ ভোট দিয়ে আওয়ামী লীগকে যে সম্মান দেখিয়েছেন, সে সম্মানের উপযুক্ত প্রতিদান দেয়া হবে।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়ালী উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ ীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। প্রধান অতিথির বক্তৃতায় জনসভায় ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, শুধু উন্নয়ন করলে হবে না, উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষকে সম্মান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। অসুখে-বিসুখে সাহায্য করতে হবে। না হয় উন্নয়ন ম্লান হয়ে যাবে। একজন মানুষ তিনি যদি আওয়ামী লীগের নাও হন, তাঁর বিপদে এগিয়ে যেতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, হাতিয়ায় আওয়ামী লীগের মধ্যে বিভেদ-মারামারি ছিল ঢাকার সংবাদপত্রের প্রতিদিনের শিরোনাম। এখন এখানে ঐক্যের সুবাতাস বইছে। এই ঐক্য করতে বাহির থেকে কাউকে আসতে হয়নি, হাতিয়ার নেতারাই ঐক্যবদ্ধ হয়েছেন, নৌকাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। তাই এখন আর হাতিয়ার উন্নয়ন থেমে থাকবে না। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে হাতিয়া অন্ধকারে থাকতে পারে না। তিনি হাতিয়ায় এসেই বিদ্যুত্ প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান। দ্রুততম সময়ের মধ্যে হাতিয়ার বিদ্যুত্ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেয়া হবে।