আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীর সংখ্যা ৮০০ জন। গড়ে প্রতি ওয়ার্ডে সমর্থন প্রত্যাশী ২০ জন। এখন একক কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা দলের জন্য বড় চালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে তৃণমূলকে প্রতিটি ওয়ার্ডে তিনজনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর কথা বলা হলেও তারা সেটা করতে ব্যর্থ হয়। এ কারণে শনিবার গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড দল সমর্থিত একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।
জানা গেছে, ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কাউন্সিলর প্রার্থী সিলেকশন করতে কেন্দ্রীয় ৮ নেতার সমন্বয়ে বিশেষ টিম গঠন করে দেন। বিশেষ টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গতকাল রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওই বিশেষ টিমের নেতারা বৈঠক করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বৈঠকে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার বিকাল ৩টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন নতুন ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষাত্কার নেওয়ার বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেন।
সমর্থন পেতে দৌড়ঝাঁপ :ইতোমধ্যে কাউন্সিলর পদে দলের সমর্থন পেতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। স্থানীয় নেতাদের পাশাপাশি অনেকে কেন্দ্রেও দৌড়ঝাঁপ শুরু করেছেন। দল সমর্থন না দিলেও অনেকে নির্বাচন করতে অনড়। প্রয়োজনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ কেউ দলের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত আছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে দলের সমর্থন প্রত্যাশী এক আওয়ামী লীগ নেতা বলেন, ‘দলের সমর্থন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। তবে দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নিতে রাজি আছি।’ ভাটারায় সমর্থন প্রত্যাশী একজন বলেন, ‘দলের সমর্থন চেয়েছি। তবে সমর্থন না পেলেও আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’
জানা গেছে, এত বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থন প্রত্যাশী হওয়ায় রীতিমতো প্রার্থী বাছাইয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকালের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত, নতুন ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদের পাশাপাশি সংরক্ষিত নারী কাউন্সিলর আসনেও ভোট হবে।