সত্য সংবাদ মন্ত্রীর বিরুদ্ধে হলেও পরিবেশিত হবে ----তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সত্য সংবাদ মন্ত্রীর বিরুদ্ধে হলেও পরিবেশিত হবে। দেশের বড় কর্মকর্তার বিরুদ্ধে হলেও হবে। তবে বীভত্স দৃশ্য টেলিভিশনে পরিবেশিত হলে সমাজে কী প্রভাব ফেলবে সেটিও বিবেচনায় নিতে হবে।’ গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এ সময় মন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করা হবে। মূলত পত্রিকার জন্য ওয়েজ বোর্ড ছিল। টেলিভিশনের পাশাপাশি দেশে অনেক এফএম রেডিও আছে। তাদেরও সম্প্রচার নীতিমালার আওতায় আনা হবে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেবেন কখনো ভাবিনি। প্রধানমন্ত্রী দলের ও রাষ্ট্রের মাইক আমার হাতে ধরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার শুরু থেকে সাংবাদিকদের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করার চেষ্টা করছি। আমি স্বপ্রণোদিত হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়েছি। রিপোর্টাস ইউনিটিতে গিয়েছি। আজ নিজের শহরে সাংবাদিকদের মিলনমেলায় আসতে পেরেছি।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলীর তলদেশে টানেলসহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে। চট্টগ্রামে আজ অর্থনৈতিক কার্যক্রম যেটা আছে ৫ বছরে দ্বিগুণ হবে। চট্টগ্রামের প্রতি দায়বদ্ধতা রয়েছে। আগামী পহেলা বৈশাখ থেকে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে ৯ ঘণ্টা সম্প্রচার শুরু হবে। কয়েক মাস পর ১২ ঘণ্টায় উন্নীত করা হবে।’

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ। সম্মেলনে ক্লাবের নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।