দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ভারজিনা শহরে সড়ক দুর্ঘটনায় আমিয় চৌধুরী (২৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিয় চৌধুরী ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের পাঞ্জিপহরী গ্রামের মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী বাবর মিয়ার একমাত্র ছেলে।
আমিয় চৌধুরীর ফুপাতো ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ চৌধুরী লিপু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওয়াশিংটনের ভারজিনা শহরে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে আমিয় কাজ শেষে অফিস থেকে নিজের গাড়িযোগে বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি তার গাড়িকে ধাক্কা দিলে আমিয় মারাত্মকভাবে আহত হন। পরে সেখানকার স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক আমিয়কে মৃত ঘোষণা করেন। লিপু আরও জানান, গতকাল রবিবার রাত ১১টার দিকে তার লাশ রাজধানীর উত্তরায় আনা হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় আমিয়’র নিজ গ্রাম নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর তার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।