রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৪ ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি মোবাইল সেট ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়। রবিবার ভোরে এই প্রতারক চক্রের সদস্যদের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ (পশ্চিমকালী) এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১ এর কাঞ্চন ক্রাইম প্রিভিয়েশন কোম্পানি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সুজয় সরকার সাংবাদিক সম্মেলনে বলেন, তাদের কাছে সংবাদ ছিল একটি চক্র দীর্ঘদিন ধরে র্যাব পরিচয় দিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মানুষকে হয়রানি করে আসছে। মাদারীপুরের জনৈক সোহেল রানার অভিযোগের ভিত্তিতে র্যাবের চৌকস একটি দল অভিযান চালিয়ে রবিবার ভোরে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মর্তুজাবাদ এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুল রহমান (২৫), শিমলাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহান ভুঁইয়া, মর্তুজাবাদ এলাকার আবু মিয়ার ছেলে নাজমুল হোসেন ও মর্তুজাবাদ এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে রাব্বি মিয়া।
প্রতারণার শিকার সোহেল রানা জানান, তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাসী ছিলেন। তিনি মাদারীপুরের মোজাফফরপুর এলাকার আবু হাশেমের ছেলে। গত ১৪ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ী থেকে রূপগঞ্জের বরপা এলাকার বন্ধু রাসেল মিয়ার বাড়িতে আসার পথে দুটি মোটরসাইকেলে আসা ৫ যুবক নিজেদের র্যাব পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে তাকে মোটরসাইকেলে তুলে ইসলামবাগ এলাকায় নিয়ে তার ওপর নির্যাতন চালায়। এসময় তিনটি বিকাশ নাম্বারের (যথাক্রমে-০১৭৭২৬০২৪৪৪৪, ০১৮৫০৫২০৩২৪ ও ০১৭৭৭৭৮৮০১২) মাধ্যমে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় তারা।
উল্লেখ, এ চক্রটি দীর্ঘদিন ধরে র্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও প্রতারণামূলক কাজ চালিয়ে আসছে। উল্লেখিত বিকাশ নাম্বারের মাধ্যমে তারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
চাঁদা না দেওয়ায় দু’জনকে কুপিয়ে জখম করে সাড়ে ৩ লাখ টাকা লুট
রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় তারা আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী ও তার ছোট ভাইকে কুপিয়ে জখম করে সাড়ে ৩ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার সকালে উপজেলার সাওঘাট এলাকায়।
সাওঘাট এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সকালে সেখানে একটি নির্মাণ কাজের জন্য ট্রাকযোগে ইট এনে রাস্তায় নামাচ্ছিলেন তিনি। এসময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মহিউদ্দিন, সুমন, রহিম, আমির ও তাদের বাহিনীর আরও ৮/১০ জন সদস্য অস্ত্রশস্ত্র নিয়ে এসে আনোয়ার হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা আনোয়ার হোসেনকে এলোপাতাড়িভাবে পেটাতে থাকে। এ সময় তার চিত্কারে তার ছোট ভাই আশিক এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের দুই ভাইকেই পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এছাড়া ব্যবসায়ী আনোয়ার হোসেনের সাথে থাকা প্রিমিয়ার ব্যাংক ভুলতা শাখা থেকে উত্তোলিত সাড়ে ৩ লাখ টাকাও তারা লুটে নেয়। পরে তাদের চিত্কারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন ও তার ছোট ভাই আশিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।