সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে এক স্বামী পরিত্যক্ত বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ধর্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। গতকাল রবিবার ধর্ষিতার ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পূর্বপাড়া এলাকার স্বামী পরিত্যক্ত বাক-প্রতিবন্ধী ওই নারী (৪০) শনিবার দুপুরে তার এক ভাইয়ের বাসা থেকে অন্য ভাইয়ের বাসায় যাওয়ার সময় একই এলাকার হূদয় (২২) নামে এক যুবক তাকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি আশপাশের মহিলারা দেখে ফেলে। পরে তারা ওই পরিত্যক্ত বাড়ির কাছে গেলে হূদয় তাদের দেখে দৌড়ে পালিয়ে যায়। মহিলারা ওই প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার ভাইয়ের বাড়িতে নিয়ে আসে। এ সময় বাক-প্রতিবন্ধী ওই নারী ইশারা-ইঙ্গিতে তার ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের পুরো বিষয়টি জানায়। বিকালে প্রতিবন্ধী নারীর ভাই স্থানীয়দের সহায়তায় জালকুড়ির মাদবর বাজার এলাকা থেকে ধর্ষককে আটক করে। এ সময় উত্তেজিত জনতা ধর্ষক হূদয়কে গণপিটুনি দেয়। মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, ধর্ষণের শিকার বাক-প্রতিবন্ধী ওই নারী এক সন্তানের জননী। ধর্ষিতার মেডিক্যাল টেস্ট করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ পারভেজ জানান, ধর্ষিতার ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।