মুক্তিপণের টাকা নিতে এসে র্যাবের হাতে অপহরণকারী গ্রেফতার

অপহরণের আটদিন পর রাজধানীর শাহবাগ এলাকা থেকে শরীফ বিন মোহাম্মদ সাগর (২২) নামে এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-১০। গতকাল রবিবার মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দেওয়ার সময় অপহরণকারী তাহিরুল ইসলাম ওরফে পারভেজকে কৌশলে আটক করে র্যাব। পারভেজের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থানার দিকশুলে।

এর আগে গত ১৯ জানুয়ারি যাত্রাবাড়ীর বাসা থেকে বের হওয়ার পর অপহূত হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। গ্রেফতার ব্যক্তির নাম তাহেরুল ইসলাম ওরফে পারভেজ (২২)। র্যাব জানিয়েছে, অপহূত সাগরের বাবা মোহাম্মদ হোসেন গত ২২ জানুয়ারি র্যাব-১০ এ অভিযোগ করেন যে ১৯ জানুয়ারি তার ছেলে সাগর বাসা থেকে বেরিয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা মসজিদে নামাজ আদায় করতে গিয়ে আর বাসায় ফেরেননি। মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। তবে রাত সোয়া ৮টার দিকে সাগরের মোবাইল নম্বর থেকে ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তি ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তার ছেলেকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ২১ জানুয়ারি মোহাম্মদ হোসেন যাত্রাবাড়ী থানায় অপহরণ মামলা করেন। মামলার তদন্ত শুরু করে র্যাব-১০। এরমধ্যে অপহূতের পরিবারকে টাকা পরিশোধের জন্য নানাভাবে চাপ দেয় অপহরণকারীরা। সবশেষ ঠিক হয় গতকাল দুপুরে শাহবাগ এলাকায় অপহরণকারীরা মুক্তিপণের টাকা নেবে।