মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট জেলা শহর অভিযান চালিয়ে ৫২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাত পৌনে ১০টায় আমতলী মাদ্রাসা পাড়া শাদমান ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক জানান, গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী হচ্ছে আমতলী এলাকার মোকলেছার রহমানের ছেলে ফরহাদ আলম শাকিল (৩৪) ও নাজমুল হকের ছেলে তাসরিফ আহম্মেদ নাবিদ (২০)।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাত পৌনে ১০টায় জয়পুরহাট জেলা শহরের আমতলী মাদ্রাসা পাড়া শাদমান ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় আমদানি নিষিদ্ধ ৫২ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদককারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, শাকিল ও নাবিদ। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
ইত্তেফাক/জেডএইচডি