পঞ্চগড়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আনিছুর রহমান এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম শামীম হোসেন। তার বাড়ি জেলার সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়। শামীম ওই এলাকার আমির হোসেন ওরফে কিসমত আলীর পুত্র।
আদালত সূত্রে জানা গেছে, বারো বছর পূর্বে জাহানারা বেগমের সঙ্গে বিয়ে হয়ে শামীম হোসেনের। জাহানারা বেগম পঞ্চগড় ইউনিয়নের দাড়িয়াপাড়া এলাকার আব্দুর রহমানের মেয়ে। বিয়ের পর থেকে প্রায়ই জাহানারাকে নির্যাতন করতো তার স্বামী শামীম। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ১২ জানুয়ারি রাতে জাহানারাকে মারপিটের এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শামীম।
এ ঘটনায় জাহানারার ভাই আকবর আলী বাদী হয়ে ঘটনার রাতে পঞ্চগড় থানায় স্বামী শামীম হোসেন, শ্বশুর আমির হোসেন এবং শাশুড়ি আলিম বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
আরো পড়ুন: বাঘায় জলাশয় থেকে লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় থানার এসআই ভবেষ চন্দ্র পাল ২০১৭ সালের ২৩ এপ্রিল আদালতে স্বামী শামীম হোসেনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। আদালত ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শ্বশুর ও শাশুড়িকে মামলা থেকে অব্যাহতি দিয়ে স্বামী শামীম হোসেনের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন।
ইত্তেফাক/অনি/নূহু