নৌকার মাঝি হতে চান যেসব তরুণ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চার হাজার ২৩ জন। এরমধ্যে রয়েছেন বিপুল সংখ্যক তরুণ। যোগ্য তরুণের সংখ্যাও কম নয়। মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমার শেষ দিন পর্যন্ত অসংখ্য তরুণ মনোনয়ন প্রত্যাশীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। এসব তরুণ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে যেমন রয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতা, তেমনি আছেন সহযোগী সংগঠনসহ সাবেক ছাত্রলীগ নেতাও। আছেন ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, ব্যবসায়ীসহ অন্যান্য সেক্টরের তরুণও।

তরুণদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যারা মনোনয়ন ফরম নিয়েছেন তারা হলেন— ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জামালপুর-৫ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি, মাদারীপুর-৩ আসনে আনোয়ার হোসেন, শরীয়তপুর-১ আসনে ইকবাল হোসেন অপু, পিরোজপুর-১ আসনে কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম, শরীয়তপুর-২ আসনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, চট্টগ্রাম-৯ আসনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১৫ আসনে দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নরসিংদী-৫ আসনে এবিএম রিয়াজুল কবির কাওছার, নেত্রকোনা-১ আসনে রেমন্ড আরেং প্রমুখ। ঢাকা-১৪ আসনে আছেন এফবিসিসিআইয়ের নেতা ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাও ছিলেন।

সাবেক ছাত্রনেতাদের মধ্যে যারা মনোনয়ন ফরম কিনেছেন: মাগুরা-১ আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর; গাইবান্ধা-৫ (সাঘাটা-সুন্দরগঞ্জ) আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন, নাটোর-১ আসনে (লালপুর-বাগাতিপাড়া) ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল, রাজবাড়ী-২ আসন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানা টিপু, পিরোজপুর-১ আসনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, ময়মনসিংহ-৭ আসন থেকে ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন, দিনাজপুর-১ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু, দিনাজপুর-৫ আসনে সফেদ আশফাক তুহিন, বরিশাল-২ আসনে রুবিনা মিরা, নড়াইল-২ আসনে (সদর-লোহাগড়া) রাশিদুল বাশার ডলার, বরিশাল-২ আসনে দীপিকা রানী সমাদ্দার, কিশোরগঞ্জ-৫ আসনে (বাজিতপুর-নিকলী) শহীদুল্লাহ মুহাম্মদ শাহ নূর, পাবনা-৫ আসনে মাজহারুল ইসলাম মানিক এবং পাবনা-২ আসনে রাশেল গাফফারী। এছাড়া নাটোর-৪ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা এবং কেন্দ্রীয় যুব-মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, জামালপুর-৪ আসনে ফজলুল হক, নীলফামারী-৪ আসনে আমেনা কোহিনূর ও নাফিউল করিম নাফা, আব্দুস শুকুর ইমন মেহেরপুর-১ এবং রাজিউর রেজা চৌধুরী খোকন ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। কুড়িগ্রাম-৩ আসনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আতাউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট রানু আক্তার মুন্সীগঞ্জ-২, সাফি বিল্লাহ মাগুরা-২ এবং পাবনা-১ আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন মনোনয়ন ফরম নিয়েছেন। এদিকে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। খেলাধুলায় তার অবদানের প্রতি সম্মান দেখিয়ে সৌজন্যমূলকভাবে বিনামূল্যে তাকে মনোনয়ন ফরম দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তরুণদের আইকন হিসেবে পরিচিত মাশরাফি। এছাড়া চলচ্চিত্র পরিবার থেকে মনোনয়ন প্রত্যাশী নায়ক শাকিল খান বাগেরহাট-৩ আসনে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে অভিনেতা সিদ্দিকুর রহমান, যশোর-৩ আসন থেকে নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।