প্রকল্প কাজে দুর্নীতির আশ্রয় নিলে কঠোর ব্যবস্থা: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকল্প কাজে মানহীনতা বা দুর্নীতির আশ্রয় নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান।

প্রকল্পের কাজের ব্যর্থতা বা দুর্বলতা আড়াল না করে এডিপি সভায় বাস্তবচিত্র তুলে ধরতে প্রকল্প পরিচালকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থবছর শেষ হলেই যেনতেন ভাবে প্রকল্পের টাকা খরচ করে সরকারি অর্থের অপচয় আর করা যাবে না। এর চেয়ে বরং উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়াই ভালো।

রবিবার প্রাণিসম্পদ অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাণিসম্পদ উপখাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাসিক পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী এ সব কথা বলেন। এ সময় প্রাণিখাতের ২১টি চলমান প্রকল্পের সামগ্রিক অগ্রগতির চিত্র প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

প্রকল্পের কাজের অবস্থা দেখতে তিনি আকস্মিক পরিদর্শনে যাবেন উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত মেয়াদেই প্রকল্পের কাজ শেষ করতে হবে। প্রকল্পের নামে কেনা যন্ত্রপাতি অবশ্যই এক্সপার্ট কমিটির মাধ্যমে যথাযথভাবে বুঝে নিতে হবে। যন্ত্রপাতি যাতে অযথা পড়ে থেকে নষ্ট না হয় এবং নির্ধারিত ওয়ারেন্টির মেয়াদ পার না হয়, তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সাত ধাপ এগুলো বাংলাদেশ

প্রকল্প বাস্তবায়নে বেসরকারি ফার্মের ওপর নির্ভর না করে নিজেদের ইঞ্জিনিয়ারিং শাখাকে জনবলে সমৃদ্ধ করতেও প্রতিমন্ত্রী নির্দেশ দেন।

ইত্তেফাক/এমআই