সাঁথিয়ায় নলকূপে পানি নেই, ভোগান্তিতে মানুষ

চৈত্র মাসের তীব্র দাবদাহে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পাবনার সাঁথিয়ায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভায় বেশিরভাগ নলকূপ দিয়ে পানি উঠছে না। কোথাও কোথাও গভীর  নলকূপেও পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় পানি। অবস্থা প্রকট হওয়ায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

পরিবেশগত নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

সাধারণত পানির স্তর গড়ে ৪০ থেকে ৭০ ফুট গভীরে। বেশিরভাগ এলাকায় এ স্তর পৌঁছালেই পানি পাওয়ার কথা। কিন্তু উপজেলার বেশিরভাগ এলাকায় অস্বাভাবিকভাবে নীচে নেমে গেছে পানির স্তর। প্রতি বছর  তীব্র তাপদাহে মার্চ থেকে মে মাস পর্যন্ত এ অবস্থা আরও প্রকট আকার ধারণ করে।

বেশিরভাগ এলাকায় অগভীর নলকূপে পানি উঠা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সবচেয়ে কষ্টের সম্মুখীন হয়েছেন সাঁথিয়া উপজেলার পল্লীঅঞ্চলের মানুষেরা। এ উপজেলার প্রতি ১০টি নলকূপের মধ্যে ৮টিই অকেজো হয়েছে। নামাজের ওযুর পানি থেকে শুরু করে খাবার ও গোসলের পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে গোসল ও নিত্য দিনের কাজ করার জন্য পানির খোঁজ করতে দেখা গেছে। রাজাপুর গ্রামের কয়েকজনকে কাপড় নিয়ে পানির সন্ধান করতে দেখা গেছে। তাদের দাবি নলকূপে পানি উঠছে না। পুকুরেও পানি না থাকায় কাপড় মাথায় নিয়ে পানির সন্ধান করছি। জেলার পুকুর ও জলাশয় শুকিয়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়েছে। এতে খরতাপে হাঁপিয়ে উঠেছে মানুষ ও প্রাণীকুল।

ইত্তেফাক/এমআর