সা ক্ষা ত্ কা র

‘বুুলবুল স্যার আমার দায়িত্ব নিতে চেয়েছিলেন’

ক্লোজআপ ওয়ান রিয়েলিটি শোতে অংশ নেবার আগে থেকেই তারকাখ্যাতি পান তিনি। কারন তার আগেই স্টার সার্চ এ বেস্ট ভোকাল হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। এরপর ‘মা’ শিরোনামের একটি গান দিয়ে তো দর্শকদের হূদয় ছুয়ে দিলেন। নতুন কাজের পরিকল্পনা ও ব্যক্তিজীবন নিয়ে কথা বললেন চট্টলার এই গুণী গায়ক রাশেদ। সাক্ষাত্কার নিয়েছেন তারিফ সৈয়দ

আহমেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন। আপনারা তার সরাসরি শিষ্য। গুরুর সাথে শেষ কবে কথা হয়েছিল?

মাত্র সপ্তাহ দুয়েক আগেও কথা হয়েছিল। আর তার সাথে স্মৃতির কথা কী বলবো। কত কত স্মৃতি! তবে আমার পোড়াকপাল। বুলবুল স্যারের সাথে আমার একটা অভিমানী সম্পর্ক হয়েছিল।

সেটি কেমন?

আমার জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার বেশ কিছু গান তৈরি করেছিলেন। সঙ্গীতার ব্যানারে আমার একটি চুক্তিও প্রায় চূড়ান্ত হয়েছিল। কিন্তু আয়োজকরা কোনোভাবেই সেটি হতে দিলেন না। ফলে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি আমার ক্যারিয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছি। কারণ বুলবুল স্যার সবার জন্য সুর করতেন না। অথচ আমার দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু না করতে পারায় তিনি ভিষণ কষ্ট পেয়েছিলেন। আজ এসব কথা বলে কী লাভ!

অনেকেই অভিযোগ করে থাকেন ক্লোজআপ তারকাদের নিজস্ব কোনো গান নেই। অন্যের গানের ওপরে এই নির্ভরশীলতা শিল্পী ক্যারিয়ারের জন্য কতটা সম্মানের?

প্রথমত, আমার নিজ কণ্ঠের জনপ্রিয় গান রয়েছে। কিন্তু সকলকেই ঐ এক সারিতে ফেলে একটা কমন সমালোচনা করা হয়। আমি এর পক্ষে নই। কারণ দেখুন সবার কণ্ঠে সব গান কিন্তু ভালো লাগে না। আমরা পারফর্মার। তাই মূল গানটি অবিকৃত রেখে গাওয়াটাও কিন্তু বড় বিষয়। এখানে অসম্মান করার কিছু দেখি না।

প্লেব্যাকের ক্ষেত্রে নিজের ব্যস্ততাটা কেমন?

এখন তো ছবির সংখ্যাই কম। অন্যদিকে কলকাতার শিল্পীদের ব্যবহার করা হচ্ছে। এরপরও কিছু কাজ করছি। খুব শিগগিরই দর্শকরা জানতে পারবেন।

নতুন গান কী আসছে ?

বেশ কিছু গানের কাজ শেষ হলো। এর ভেতরে দুটি গানের ভিডিও রিলিজ হয়েছে। এর বাইরে আমার সুরে বেশ কিছু গানের কাজ করেছি। বিশেষ করে জীবক বড়ুয়ার কথা বেশ কিছু গানের কাজ করা হয়েছে। আরো কিছু পরিকল্পনায় রয়েছে। আশা করছি নতুন স্বাদের কিছু গান পাবেন আমার শ্রোতারা।

আর স্টেজ-

দেখুন , আমরা স্টেজে বেড়ে ওঠা শিল্পী। তাই ওপেন কনসার্ট বলুন কিংবা ঘরোয়া করপোরেট শো বলুন, সবখানেই মাতিয়ে রাখতে পারি। তাই স্টেজটাই আমাদের সবচেয়ে আরাধ্যের জায়গা ও প্রিয় মাধ্যম। তবে আমি ব্যক্তিগতভাবে ইনডোর কনসার্টেই স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ মনের মাধুরী মিশিয়ে এ ধরনের কনসার্টে গান গাওয়া যায়।

নতুন আরো রিয়েলিটি শো হচ্ছে। আরো অনেকেই আসছেন। তাদের উদ্দেশ্যে রাশেদ কী বলবে?

একটিই কথা। এই মাধ্যমটা ভিষণ চর্চার। প্রতিনিয়ত নিজেকে ক্ষুরধার করতে হয়। আর যারা স্টেজের শিল্পী তাদেও তো কথাই নেই। যারা নতুন আসছেন। তাদেও উদ্দেশ্যে একটি কথাই বলবো। রিয়েলিটি শো থেকে তারকা হয়ে আসা মানে কিন্তু তার কেবল শুরু। এখন সে যদি ভাবে যে সে অনেক বড় তারকা হয়ে গেছে, তাহলে তাকে হারিয়ে যেতে হবে। দুঃখের বিষয় হলো অনেকেই এটা নিজে নিজে ভেবে আজ ক্যারিয়ার ডুবিয়েছে।