রায়পুরে প্রবাসীর বাড়িতে হামলা ভাঙচুর, নারীসহ আহত তিন

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমেনা বেগমের বাড়িতে হামলা, ভাঙচুরসহ লুটপাট করার অভিযোগ উঠছে একই এলাকার  প্রভাবশালীদের বিরুদ্ধে। এ সময়ে বাধা দেওয়ায় আমেনা বেগমসহ তিন নারী আহত হয়।

পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে। গত বুধবার বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বক্শী বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার আমেনা বেগম জানান, জাহাঙ্গীর বক্শী, ইমান বক্শী, শরিফ,  জোনাপ আলী,  ছৈয়দ আহম্মদ বক্শী, আলাউদ্দীন বক্শীসহ ৭০-৮০ জনের  একটি সন্ত্রাসী বাহিনী আমার ঘরে অতর্কিতভাবে হামলা চালায়।

তিনি জানান, কিছু না বুঝার পূর্বেই লুটপাট ও ভাঙচুর চালিয়ে আমাকেসহ মেয়ে রুমা আক্তার, আমার বোনের মেয়ে খাদিজা আক্তারকে মারধর করে ঘরে থাকা আলমারীতে নগদ ১ লাখ টাকা ১২ ভরি স্বর্ণ, কাপড়, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ  মালামাল লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী ও শ্বশুর-শাশুড়ি এবং আমেনার বাবা শাহাজালাল প্রতিবাদ জানালে তাদের ধাওয়া দেয় বহিরাগতরা।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমেনা বেগমের পিতা শাহাজালাল, প্রবাসী স্বামী আব্দুর রহমান ও শ্বশুর-শাশুড়ি অভিযোগ করলে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে আমেনা  বেগম বাদী হয়ে গত বুধবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে রায়পুর থানার ওসিকে তদন্তপূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।