চট্টগ্রামের রাউজানে ফেসবুকে স্ট্যাটাসের জের ধরে কমল চক্রবর্তী নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে পঙ্কজ ভট্টাচার্য (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাটে এই ঘটনা ঘটে।
জানা যায়, অভিযুক্ত কমল চক্রবর্তী ৮ নং কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরদিকে ভুক্তভোগী পঙ্কজ ভট্টাচার্য ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ভুক্তভোগী পঙ্কজ ভট্টাচার্য দৈনিক ইত্তেফাককে বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ফেসবুকে একটি ছবি সহকারে ছবি পোস্ট করেছিলাম। কমলকে আমার পছন্দ নয় বিধায় ছবিতে তার মুখখানা আড়াল করে দিয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু বৃহস্পতিবার সকালে ভাই ভাই স্টোর নামে একটি চায়ের দোকানের পেছনে নববর্ষ উপলক্ষে ছাগলের মাংস কিনতে গিয়েছিলাম। এই সময় কমল ক্রিকেট স্ট্যাম্প দিয়ে অতর্কিত আঘাত করেন। ফেসবুকে এমন ছবি কেনো দিয়েছি বলে কিলঘুষি মারতে থাকেন।
এই বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য কমল চক্রবর্তী মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি তাকে চড়-থাপ্পর দিয়েছি এটা ঠিক,স্ট্যাম্প দিয়ে আঘাত করিনি। পঙ্কজ ভূমি দখল, মাদক বিক্রিসহ নানান অপরাধের কারণে এলাকাছাড়া ছিলেন। এমন অপকর্ম আর করবেন না মর্মে আমি তাকে রাজনীতিতে এনেছি। পঙ্কজ পুনরায় আগের অপকর্মে জড়িয়ে যাওয়ায় আমি তাকে এড়িয়ে চলি। তিনি নববর্ষ উপলক্ষে যে ছবি পোস্ট করেছেন, সেটিতে আমার চেহারা আড়াল করে আমাকে হেয় করেছেন। এতে আমি অপমান বোধ করেছি। তাই ক্ষোভে তাকে চড়-থাপ্পর দিয়েছি।
এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন দৈনিক ইত্তেফাককে বলেন, এমন কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে বিষটি খতিয়ে দেখে হবে।
ইত্তেফাক/জেডএইচডি