মিঠাপুকুরে মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত রকেট লাঞ্চার উদ্ধার হয়েছে। রবিবার রাতে উদ্ধারের পর র্যাবের বিশেষজ্ঞ দল লাঞ্চারটি খোলা জায়গায় বিস্ফোরণ ঘটায়। উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে শেফাউল ইসলামের বাড়ির সামনে পুকুরে গোলজার হোসেনের ছেলে বাকপ্রতিবন্ধী রাশেদুল পুকুরের মাটি খননের সময় ওইদিন দুপুরে পিতলের মোড়কে একটি ধাতব বস্তু দেখে। এ সময় সে তার পাশে থাকা শেফাউল ইসলামের ছেলে সামিউলকে ডেকে বস্তুটি দেখায়। এক পর্যায়ে আশেপাশের লোকজন বিষয়টি দেখে। স্থানীয় লোকজন ধাতব পদার্থটি বোমা হতে পারে মনে করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে রংপুর র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি রকেট লাঞ্চার বলে শনাক্ত করে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে নিষ্ক্রিয় করা রকেট লাঞ্চারটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা নিরীহ বাঙালির ওপর নিক্ষেপ করেছিল। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি।