হাতেম আলী কলেজের খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবি

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের খেলার মাঠে ভবন নির্মাণ কাজ বন্ধের দাবিতে সোমবার বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

নগরীর নবগ্রাম সড়কের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রশাসনিক বিভাগের সামনে এ বিক্ষোভ ও অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়। এ সময় শিক্ষার্থীরা ভিত্তিপ্রস্তরের ফলক ভাঙচুর করেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি খেলার মাঠে একাডেমিক ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হলে শিক্ষর্থীরাও তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে।

জেলা প্রশাসনের রেকর্ডরুমে বিশৃঙ্খলার দায়ে জরিমানা

বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের রেকর্ড রুমে প্রবেশ করে বিশৃঙ্খলা করার দায়ে সোমবার এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী তাকে ৫শ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মোয়জ্জেম হোসেন বাকেরগঞ্জের শিয়ালগনি এলাকার মৃত আলী মোকছেদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, জেলা রেকর্ড রুম একটি সংরক্ষিত এলাকা। এখানে প্রবেশ করে বিশৃঙ্খলা করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।