নরসিংদীতে মুক্তিযুদ্ধ কর্নার ও লাইব্রেরি উদ্বোধন
নরসিংদী প্রতিনিধি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার মুক্তিযুদ্ধ কর্নার ও লাইব্রেরি ৭১’র শেকড়ে মূর্ছনার উদ্বোধন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার কে এম আলী আজম। এর আগে তিনি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নরসিংদী জেলা প্রশাসক শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কে এম আলী আজম বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশী উন্নত। কাজেই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে কাজ করতে হবে। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া প্রমুখ।
চাঁদপুরে তথ্য অধিকার আইন বিষয়ক সভা
চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। গত রবিবার দুপুরে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের তথ্য কমিশনার সুরাইয়া বেগম। উজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা। সভায় তথ্য অধিকার আইন সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করা হয় এবং তথ্য আদান প্রদান সম্পর্কে ধারণা দেওয়া হয়।
মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের নবীন বরণ
মাগুরা প্রতিনিধি মাগুরা জেলার অন্যতম সর্ববৃহত্ বিদ্যাপীঠ আদর্শ ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার দুপুরে একাদশ শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থীদের বরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ আব্দুল লতিফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ মকবুল হোসেন প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কাবিয়ার রহমান, জেলা যুব লীগ আহ্বায়ক ফজলুর রহমান ফজলু প্রমুখ।
ভোলায় ‘শিশু-বিবাহমুক্ত’ বিদ্যালয় গড়তে শপথ নিলেন শিক্ষার্থীরা
ভোলা প্রতিনিধি শিশু-বিবাহমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলার সদর উপজেলার চর জাংগালিয়া স্কুল এন্ড কলেজকে ‘শিশু-বিবাহমুক্ত’ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্কুলের মাঠে কয়েক শতাধিক শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যের উপস্থিতিতে বিদ্যালয়কে ‘শিশু-বিবাহমুক্ত ঘোষণা’ করা হয়েছে। চর জাংগালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রুহুল আমিন শিক্ষার্থীদের এই শপথবাক্য পাঠ করান। স্কুলটিতে কয়েক বছর ধরে কোনো শিশুর বিয়ে না হওয়ায় ও আগামীতে কোনো শিক্ষার্থীর যাতে শিশুবিয়ে না হয় তার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে শিশু-বিবাহমুক্ত বিদ্যালয় ঘোষণা করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সম্মিলিত শিশুবিবাহ প্রতিরোধ কর্মসূচি প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- আইইসিএম প্রকল্পের এডুকেশন অফিসার মোঃ সেলিম মিয়া ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
বেনাপোলে প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বেনাপোল (যশোর) সংবাদদাতা বেনাপোল ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে রবিবার দিনব্যাপী প্রাক্তন কৃতী শিক্ষার্থীদের পুনর্মিলনী,সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও যশোর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। প্রাক্তন শিক্ষার্থী ও মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। স্কুলজীবনের সাথীদের সঙ্গে দেখা হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন। জীবনে প্রথম এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে খুশি হয়েছে প্রাক্তন এসব শিক্ষার্থী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শার্শা থানা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু সালেহ মিন্টু, স্কুল পরিচালনা কমিটির সদস্যরা এবং এলাকার সুধীজনরা। এ সময় শতশত মা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
রায়পুরে পিঠা উত্সব ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের উদ্যোগে গতকাল সোমবার দিনব্যাপী উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে পিঠা উত্সব ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ৬০টি স্টল সাজিয়ে দেশীয় তৈরি পিঠার ঐতিহ্য তুলে ধরতে প্রায় ২০০ রকমের নানা নকশার পিঠা প্রদর্শন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর কাজী নূরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা ও পিঠা উত্সবের উদ্বোধন করেন প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলতাব হোসেন হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, পৌর মেয়র ইসমাইল খোকন, কলেজ অধ্যক্ষ মো. নূরুল আমিন ও স্থানীয় চেয়ারম্যান ইউছুব জালাল কিছমত প্রমুখ। শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এমপি পাপুল।
ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তি প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি গত রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হানিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি এস আরএম ওসমান গনি সজিব। অনুষ্ঠান পরিচালনা করেন ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সাধারণ সম্পাদক আলেয়া জাহান তৃপ্তি।
রংপুরে পুলিশের ওপেন হাউজ ডে
রংপুর অফিস মট্রোপলিটন রংপুর কোতয়ালী থানার আয়োজনে সোমবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। কোতয়ালী থানা মাঠে ওসি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ ডেতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. শহিদুল্লাহ কাওছার। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং কোতয়ালী থানা কমিটির সদস্য সচিব মো. আবদুল কাদের দিদার ও এএসপি জমির উদ্দিন। অপরদিকে সদর থানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (এ সুুুার্কেল) সাইফুর রহমান সাইফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। থানার ওসি মশিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটিং পুলিশিংয়ের সদস্য সচিব সাংবাদিক আলী আরিফ সরকার রিজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সামসুল আলম, মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ প্রমুখ।