মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৩০ জন অনুপস্থিত

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে এসে ছয়জন ডাক্তার ও নার্সসহ ৩০ জন কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অমল চন্দ্র সাহা। সোমবার সকাল সাড়ে আটটায় ৫০ শয্যা বিশিষ্ট মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাজিরা খাতায় ওই কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত ঘরে লাল চিহ্ন দেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া আটটায় আকস্মিক পরিদর্শনে আসেন ডা. অমল চন্দ্র সাহা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীই কর্মস্থলে আসেননি। এরমধ্যে, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায়, পাঁচজন চিকিৎসক ও নার্সসহ ৩০ জন কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তাদের না পেয়ে ওই ৩০ জনকে হাজিরা খাতায় অনুপস্থিত দেখিয়ে লাল চিহ্ন দেন।

আরও পড়ুনঃ হাসপাতালে এমপির হঠাৎ পরিদর্শন, চিকিৎসক ছিলেন ৫ জন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. হিরম্ব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘তিনি (বিভাগীয় স্বাস্থ্য পরিচালক) আসার কিছুক্ষণ পরে আমি এসেছি। এখন হতে আর এমনি হবে না বলে আশা রাখি। এছাড়া, আমি ডাক্তার, নার্স ও কর্মচারীদের যথাসময়ে ও যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছি।’

ইত্তেফাক/নূহু