কীর্তিতে জুভেন্তাসের জয়
স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শিরোপাধারী জুভেন্তাস ইতালিয়ান সিরি আ তে জয়যাত্রা ধরে রেখেছে। দলের জয়সূচক গোল করার মাধ্যমে আরেকটি অর্জন এসে লুটিয়ে পড়েছে পর্তুগীজ তারকার পায়ে। সিরি আ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা আট ম্যাচে লক্ষ্যভেদের কীর্তি গড়েছেন রোনালদো।
শেষ কয়েক সপ্তাহে মাঠের বাইরের বিতর্ক রোনালদোর পায়ে পা মিলিয়ে চলেছে। কিন্তু মাঠে তার ছাপ মোটেও পড়তে দেননি পাঁচবারের ব্যালন ডি ’অর জয়ী।
ল্যাজিওর বিপক্ষে রবিবার গোলশূন্য প্রথমার্ধের পর ৫৯ মিনিটে এমরেকানের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল। ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় হোয়াও ক্যানসেলোর গোলে সমতায় ফেরে তারা। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।
প্রতিপক্ষের মাঠে এই গোলটি করে টানা অষ্টম ম্যাচে গোলের দেখা পেলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। আধুনিক যুগে সিরি আর ইতিহাসে এমন কীর্তি নেই আর কোনো খেলোয়াড়ের। গেল বছর ২৩ সেপ্টেম্বর ফ্রোসিননের বিপক্ষে দলের ২-০ গোলে জয়ের ম্যাচে লক্ষ্যভেদ করেছিলেন রোনালদো। এরপর একে একে উদিনেসে, এম্পোলি, এসি মিলান, ফিওরেন্তিনা, তোরিনো এবং আতলান্তার বিপক্ষেও প্রতিপক্ষ জালে বল জড়িয়েছিলেন রোনালদো। সর্বশেষ ল্যাজিওর বিপক্ষেও গোলের দেখা পেয়ে যাওয়ায় কীর্তি গড়েন তিনি।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ ম্যাচ খেলা রোনালদোর গোলসংখ্যা বর্তমানে ১৭ টি, এ সময়ে সতীর্থদের দিয়ে আরও ৮টি গোল করিয়েছেন রোনালদো।