চাটমোহর (পাবনা) সংবাদদাতা
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে দেশ সেরা হয়ে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে চাটমোহরের আব্দুস সোয়াদ। গত শুক্রবার চট্টগ্রাম এম,এ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন এককে দেশ সেরা চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া তোফায়েল আহমেদ তুষারকে নিয়ে দ্বৈতে রানারআপ হন সোয়াদ।
সোয়াদ চাটমোহর সরকারি আর, সি, এন এন্ড বি, এস, এন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ও পৌর সদরের কাজীপাড়া মহল্লার খন্দকার আব্দুল বারীর ছেলে। এমন অর্জনে সোয়াদের স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম বলেন, ‘আজ আমরা তার জন্য ভীষণ গৌরবান্বিত। সমগ্র বাংলাদেশের ক্রীড়ামোদী মানুষ সোয়াদের কারণে আমাদের এই বিদ্যালয়টির নাম জানতে পারছে। এটা শুধু আমাদের বিদ্যালয়ের সুনাম নয় এটা গোটা চাটমোহরবাসীর সুনাম। আমি অন্তর থেকে সোয়াদের জন্য দোয়া করি সে আরও বড় হোক, সে দেশকে ছাপিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বড় ব্যাডমিন্টন ক্রীড়াবিদ হোক।’ উল্লেখ্য, সোয়াদ এর আগে ২০১৫, ২০১৬ সালে স্কুল পর্যায়ে জাতীয় চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালে রানারআপ হয়েছিল।