জিমি শিতুলের ভাগ্য অনিশ্চিত

স্পোর্টস রিপোর্টার

মালয়েশিয়ায় হকি খেলতে যাওয়ার কথা বাংলাদেশের দুই খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি এবং ফরহাদ আহমেদ শিতুলের। কিন্তু তাদের যাওয়া হবে কিনা নিশ্চিত না। কারণ এখনও এই দুই খেলোয়াড়ের ছাড়পত্র প্রক্রিয়াধীন। হকি ফেডারেশন জানিয়েছে তারা ছাড়পত্র দিয়েছে। এখন নৌবাহিনী হতে প্রক্রিয়া সম্পন্ন হলেই যেতে পারবে।

জিমি এবং শিতুল দু’জনেই নৌবাহিনীর খেলোয়াড়। সার্ভিসেস দলের কিছু নিময়কানুন রয়েছে যেগুলো অনুসরণ করে ছাড়পত্র নিতে হয়। প্রাথমিকভাবে ছাড়পত্র পেলেও এখন চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে জানা গেছে। রাসেল মাহমুদ জিমি জানিয়েছেন, চূড়ান্ত ছাড়পত্র পেলেই তারা মালয়েশিয়া যাবেন।

জিমি ও শিতুলের জন্য মালয়েশিয়ার হকিতে খেলতে যাওয়াটা খুব জরুরি। এখন বাংলাদেশ জাতীয় দলের খেলা নেই। ক্যাম্পও নেই। দু’জনই জাতীয় দলে রয়েছেন। বাইরে খেলে আসতে পারলে, ফিরে জাতীয় দলে আরো ভালো পারফরম্যান্স করা যায়।

দুজনের জন্য মালয়েশিয়ায় খেলার ব্যবস্থা করেছিলেন তাদের মালয়েশিয়ান কোচ গোবিনাথন কৃষ্ণমূর্তি।

৮ জানুয়ারী সেখানে খেলা শুরু হয়ে গেছে। ১১ জানুয়ারী মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল। খেলা এবং ট্রেনিং ক্যাম্প চলবে ২ মার্চ পর্যন্ত। জিমি শিতুলের অপেক্ষা না করে গোবিনাথন কৃষ্ণমূর্তি খেলা এবং প্রশিক্ষণ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন। না যেতে পারলেও অপেক্ষায় থাকা জিমি এখনও আত্মবিশ্বাসী।