ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরে ২০টি নতুন ডিজাইনের ১৮টি মডেলের বাইসাইকেল নিয়ে এসেছে ‘দুরন্ত’। কিশোর-তরুণদের জন্য ১২ থেকে ২৬ ইঞ্চি বিভিন্ন আকারের প্রায় দুই শতাধিক বাইসাইকেল পাওয়া যাচ্ছে। দাম সর্বনিম্ন ৬ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার টাকা পর্যন্ত। অন্যদিকে বাচ্চাদের জন্য পাওয়া যাচ্ছে ১ হাজার ৫৩৫ টাকা থেকে ৩ হাজার ৯০০ টাকার মধ্যে বাইসাইকেল। মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি সব ধরনের বাইসাইকেলে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিয়েছে।
মেলায় দুরন্ত বাইসাইকেলের ১০ নম্বর জেনারেল প্যাভিলিয়নে গিয়ে দেখা যায়, শিশু-কিশোর, তরুণদের পাশাপাশি তাদের অভিভাবকদের ভিড়ে সবসময় জমজমাট থাকে প্যাভিলিয়নটি। বাইসাইকেল ছাড়াও এর বিভিন্ন যন্ত্রাংশ যেমনঃ হেলমেট, হাতে গ্লাভস, লক, ঝুড়ি, পাম্পার বিক্রি করা হচ্ছে বলে জানান বিক্রেতারা।
প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় শিশুদের বাইসাইকেল চালানোর জন্য ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি। দুরন্ত প্যাভিলিয়নের ম্যানেজার হিমেল মাহবুব জানান, এখানে বাচ্চারা তাদের পছন্দের সাইকেলটি চালিয়ে দেখতে পারছে।