নৌ-পুলিশ সেবা সপ্তাহ শুরু

ইত্তেফাক রিপোর্ট

‘বাংলার নদীপথ, রাখিব নিরাপদ’— এই শ্লোগান নিয়ে গতকাল শুরু হয়েছে নৌ-পুলিশ সেবা সপ্তাহ-২০১৯। প্রচারাভিযান ও নৌ-নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সদরঘাট লঞ্চ টার্মিনালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নৌ-পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, বিশেষ অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। আলোচনা সভায় নিরাপদ নৌপথ ও নৌ-পুলিশের কার্যক্রম এবং করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। দুর্ঘটনামুক্ত নৌপথ, নৌ-ট্রাফিক ব্যবস্থা ও যাত্রীবাহী নৌযান নিরাপদে চলাচল করতে পারে তার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন। লঞ্চযাত্রী, উপস্থিত সদরঘাট লঞ্চ টার্মিনালের সকল প্রকার শ্রমিক, বিভিন্ন সামাজিক সাংগঠনিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের মাঝে নৌপথে নিরাপদে চলাচল ও নিরাপদ করার জন্য সচেতনমূলক লিফলেট, ব্যানার, ফেস্টুন বিতরণ করা হয়। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত নৌ-পুলিশ এই সেবা দিয়ে যাবে।