নিলুরখামার ও হাসনাবাদ গণহত্যা দিবস আজ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

আজ ১৭ নভেম্বর নাগেশ্বরীর নিলুরখামার ও হাসনাবাদ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে উপজেলার সন্তোষপুর ও হাসনাবাদ ইউনিয়নে অসংখ্য নিরাপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করে রাজাকার ও পাকবাহিনী।

ওইদিন পাকবাহিনী সন্তোষপুর ইউনিয়নের আলেপেরতেপথি, চরুয়াটারী, কাইটটারী, সূর্যেরকুটি, সাতানি, ব্যাপারীহাটসহ কয়েকটি গ্রামে হামলা চালালে ভীতসন্ত্রস্ত মানুষ নিলুরখামার গ্রামে আশ্রয় নেন। এ সময় হানাদাররা গ্রামটিকে তিনদিক থেকে ঘিরে নির্বিচারে গুলি বর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। আগুনে পুড়ে মারা যান আপর আলী, বাচ্চানী খাতুন, মইনুদ্দিন মুন্সী, আব্দুস সালাম মুন্সী, হাজেরা খাতুন ও আজিজুর রহমান। এছাড়াও বেয়নেট খুচিয়ে ও গুলি করে ৭৯ জন নিরীহ নিরাপরাধ মানুষকে হত্যা করে। হানাদাররা চলে গেলে আতংকিত মানুষরা ফিরে এসে লাশগুলোকে গ্রামের একপ্রান্তে গর্ত করে মাটি চাপা দেয়। একই দিনে ২৫ পাঞ্জাব রেজিমেন্ট অধিনায়ক ক্যাপ্টেন আতাউল্লাহ খানের নেতৃত্বে রাজাকার ও পাকবাহিনীর একটি দল হাসনাবাদ ইউনিয়নের মনিয়ার হাট, শ্রীপুর, হাজির হাট, টালানাপা গ্রামে ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ ২৯ জনকে নির্বিচারে গুলি করে হত্যা করে।