বিএনপি-জামায়াত জোট থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, এদেশের জনগণ বিএনপি-জামায়াত জোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির সমন্বয়হীনতা, আদর্শ ও নেতৃত্বহীনতার কারণে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে। নির্বাচনে এবারই শুধু বিএনপি পরাজিত হয়নি, ভবিষ্যতেও তারা আর কোনো দিন নির্বাচনে বিজয়ী হতে পারবে না এবং ক্ষমতায়ও আসতে পারবে না।

গতকাল সোমবার সকালে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরে আরও উন্নয়ন  হবে। সমৃদ্ধ দেশ হিসেবে পরিগণিত হবে। দেশে কোনো জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার স্থান হবে না। আগামী পাঁচ বছরে জনগণ যেন কোনো কাজে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শওকত হোসেন। অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি জিএম তালুকদার মধু উপস্থিত ছিলেন।