দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশের ৬৪টি জেলার ভূমিহীনদের ৬৪ হাজার ঘর নির্মাণ করে দেবে সরকার। রবিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচনী ইসতেহার এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই আগামী ডিসেম্বরের মধ্যে ভূমিহীন মানুষদের জন্য এ ঘরগুলো নির্মাণ করা হবে। এসব ঘর হবে তাপ, ঠান্ডা ও আগুন নিরোধক এবং মেঝে হবে ১৯৮৮ সালের বন্যার পানির লেভেলেরও উপরে। ফলে বন্যায় এসব ঘর তলিয়ে যাওয়ারও কোন ঝুঁকি থাকবে না।
আয়োজিত অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, রেজিস্ট্রার প্রফেসর ড. প্রকৌশলী একেএম ফজলুল হক প্রমুখ।