নীলফামারীর ডোমার উপজেলা হতে ধান টাকার জন্য নওগাঁ যাওয়ার পথে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিকের মৃত্যু ও ৬ শ্রমিক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে জয়পুরহাট-হিলি সড়কের জিয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব। নিহতরা হলেন রবিউল ইসলাম(৪৬) ও নুর বখশ(৫৫)।
আহতরা হলেন নিলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের শাহাজান আলীর ছেলে সাহেব আলী (৩৮) একই গ্রামের আমির উদ্দিনের ছেলে রফিকুল (৪০), মনির উদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪৫) নূর হোসেনের ছেলে সুরুজ্জামান (৩৮), আব্দুল হান্নানের ছেলে খালেক (৩৮) ও আয়েন উদ্দিনের ছেলে নয়ন হোসেন (৩৫) আব্দুল হকের ছেলে জিয়াউল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জ এলাকা থেকে একটি মাইক্রেবাসে বেশ কয়েকজন ধানকাটা শ্রমিক নওগাঁর আত্রাই উপজেলার উদ্দেশ্যে যাবার পথে পাঁচবিবির জিয়ার মোড়ে হিলিগামী বালু বোঝায় ট্রাক্টরের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যান। ৭ জনকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। নুর বখশ ও মাইক্রোবাস চালক সুরুজ্জামানের অবস্থা গুরুত্বর হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে রাতে নুর বখশের মৃত্যু হয়।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত একজনের লাশ দাফন করা হয়েছে। অপরজনের লাশ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বুধবার নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলা হয়েছে। উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে নিহত ও আহতদের পরিবারে সহযোগীতা করা হবে।
ইত্তেফাক/এসজেড