কারাগারে নিরপরাধ ব্যক্তি দুদক মহাপরিচালকসহ ৪ জনকে তলব

অর্থ আত্মসাতের মামলায় মূল আসামির পরিবর্তে জাহালম নামের এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (আইন), মামলার বাদী, স্বরাষ্ট্র ও আইন সচিবের একজন করে প্রতিনিধিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৩ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

“৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে : ‘স্যার, আমি জাহালম, সালেক না”— শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আবু সালেকের বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন, আদালতে হাজিরা দিয়ে চলেছেন এই জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক। দুদক এখন বলছে, জাহালম নিরপরাধ প্রমাণিত হয়েছেন। ফলে একটি মামলায় তার জামিন হয়েছে। প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট অমিত দাশ গুপ্ত। প্রতিবেদন দেখে আদালত বলেন, দুদকের মতো একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের ঘটনা দুঃখজনক। পরে হাইকোর্ট সংশ্লিষ্টদের তলব করে। এ ছাড়া কারাগারে থাকা জাহালমকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি ও মুক্তি দিতে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।