‘জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে ভোটের আগে নাটক করছে বিজেপি। মানুষকে দেশছাড়া করার চক্রান্ত হচ্ছে।’ গতকাল সোমবার কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির উদ্দেশে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ কথা বলেন। ক্ষোভের সঙ্গে মমতা বলেন, ভারতীয় নাগরিকের দু’বার নাগরিকত্ব প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। সকলকে আশ্বস্ত করে মমতার বক্তব্য, নাগরিকত্ব নিয়ে কোনও চিন্তার কারণ নেই। বাংলা সকলকে নিয়ে চলে, কাউকে তাড়িয়ে দেয় না।
মমতার হুঁশিয়ারি, বাংলা থেকে কাউকে তাড়ানো যাবে না। এনআরসি নিয়ে গত এক বছর ধরে উত্তপ্ত অসম, উত্তর পূর্ব ভারত। আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। নাগরিক পঞ্জি নিয়ে পরের টার্গেট যে বাংলা, তার ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতারা।