লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি (৬৫), একই এলাকার রফিক মিকারের ছেলে অটোরিকশার চালক স্বপন হোসেন (৪৫)। দুর্ঘটনায় বেলাল হোসেন মাঝি নামে আরও এক বৃদ্ধ আহত হন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন যাত্রী নিয়ে অটোরিকশার চালক স্বপন নোয়াখালী থেকে তেওয়ারীগঞ্জ বাজারের দিকে আসছিলেন। পিকআপটি তেওয়ারীগঞ্জ বাজার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে পিকআপের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাত্তার ও চালক স্বপন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেক অটোরিকশার যাত্রী বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ইবনে হুছাঈন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এমএএম