রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। গতকাল সোমবার বিকেল ৫টা ১৩ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক জানান, কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটটি দোহা থেকে ঢাকায় আসছিল। তবে কন্ট্রোল টাওয়ারে পাইলট জরুরি অবতরণের বার্তা পাঠালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। উড়োজাহাজে ২৬ জন যাত্রী ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করান। তবে ২৬ যাত্রী নিয়ে উড়োজাহাজটি নিরাপদেই অবতরণ করে। জরুরি অবতরণের পর এয়ারবাস এ-৩৩২ উড়োজাহাজটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।