ডাব্লিউটিওতে মার্কিন শুল্ক আরোপকে চ্যালেঞ্জ জানালো চীন

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে অবৈধ উল্লেখ করে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন-ডাব্লিউটিও) চ্যালেঞ্জ জানিয়েছে চীন। গতকাল সোমবার দেশটি আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এই মামলায় সংশ্লিষ্ট বিচারককে ভর্ত্সণা করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে বেইজিং। ডাব্লিউটিওতে চীনা প্রতিনিধি জানিয়েছেন, গত এপ্রিলেই বেইজিং তার পণ্যে শুল্ক আরোপের ইস্যুতে ন্যায়-অন্যায় নির্ধারণের দাবি জানিয়েছিল। চীন যুক্তরাষ্ট্রের শুল্কারোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করার দাবি জানিয়েছে। চীনের প্রতিনিধি বলেছেন, চীনা পণ্যে ২৩৪ বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র সংস্থার আইন লংঘন করেছে। এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংগঠনের নীতিকে চ্যালেঞ্জ করেছে। তাই এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া না হলে সংস্থার গ্রহণযোগ্যতা হ্রাস পাবে। - রয়টার্স