বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় ঘরের জানালা ও দরজার তালা ভেঙে পৃথক দুই বাড়িতে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আড়ানী মাষ্টারপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সেরু এবং দুপুরে বাঘা উপজেলা সদরে বাবুল হোসেনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে বাঘা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভুগীরা।
জানা গেছে, একমাস থেকে মেয়ের চিকিত্সার জন্য ঢাকায় অবস্থান করছেন আড়ানী গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ও একমাত্র সন্তান। গত বৃহস্পতিবার রাত ৮টার সময় দোকান বন্ধ করে বাড়িতে এসে তিনি দেখেন বাড়ির পূর্বদিকের জালানা ভাঙা। তখন তিনি স্থানীয় লোকজনদের নিয়ে ঘরে প্রবেশ করে দেখেন, আলমিরার ড্রয়ারসহ বেশকিছু জিনিষপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যার পর যে কোন সময় দুষ্কৃতকারীরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তার আলমারি থেকে নগদ ৮০ হাজার টাকা, আড়াইভরি স্বর্ণ, একটি ল্যাপটপ, প্রয়োজনীয় জামাকাপড় চুরি গেছে। এ ঘটনায় ওই রাতেই বাঘা থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে বৃহস্পতিবার বাঘা উপজেলা খাদ্যা গোডাউনের সামনের দোতলা বাড়িতে বিএনপি নেতা বাবুল হোসেনের শিক্ষিকা স্ত্রী প্রবেশ করেন। তিনি ঘরে প্রবেশ করতেই দরজার তালা ভাঙা লক্ষ্য করেন। এরপর ঘরে গিয়ে দেখেন আলমিরার তালা ভেঙে সবকিছু চুরি হয়ে গেছে। বাবুল ইসলাম মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, ঘটনার সময় তিনি ব্যবসার কাজে ঢাকায় অবস্থান করছিলেন। এ ঘটনায় তার নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ বেশকিছু দামি কাপড় নিয়ে গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, বর্তমানে মাদকাসক্তদের উপদ্রব বেড়ে গেছে। আমরা প্রায় এদেরকে ধরে চালান করছি। তারপরেও মাঝে-মধ্যে কিছু ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।