বার্সেলোনায় মেসির সঙ্গে ড. ইউনূস

নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস স্পেনে বার্সেলোনার খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় ও তাদের ট্রেনিং সেশন পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দেন। বুধবার বার্সেলোনার ঘরোয়া ফুটবল মাঠ স্পোর্টস সিটি জোন গ্যাম্পার-এ প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেসত্রে। বার্সেলোনা ফুটবল ক্লাব কর্তৃক তাদের পুরো টিমের ট্রেনিং সেশন দেখতে তাকে এই বিশেষ পরিদর্শনে আমন্ত্রণ জানানো হয়। লিওনেল মেসি, জেরার্ড পিকে, এরিক আবিদাল, স্যামুয়েল উমতিতিসহ বার্সেলোনার সকল খেলোয়াড় ও তাদের কোচের সাথে সাক্ষাত্ করেন প্রফেসর ইউনূস। খেলোয়াড়দের প্রত্যেকেই প্রফেসর ইউনূসের সাথে ছবি তোলেন এবং তার স্বাক্ষর করা নতুন প্রকাশিত বই “এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ এর স্পানিশ সংস্করণের কপি তার নিকট থেকে গ্রহণ করেন।

প্রফেসর ইউনূস সামাজিক ব্যবসার ভিত্তিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে ক্রীড়াজগতের বিপুল শক্তিকেও ব্যবহারের পক্ষপাতী। বার্সেলোনাকে সামাজিক ব্যবসা নগরীতে পরিণত করে বার্সা এরই মধ্যে সামাজিক ব্যবসা আন্দোলনে যোগ দিয়েছে। বার্সেলোনার ৯টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের ক্যাম্পাসে ‘ইউনূস সোস্যাল বিজনেস সেন্টার’ প্রতিষ্ঠা করেছে।