টাঙ্গাইলের মির্জাপুরে লকডাউন ও করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে কোচিং সেন্টার খোলা রাখায় সেন্টারের পরিচালক মো. নজির আহমেদকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ( ২২ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।
জানা গেছে, উপজেলা সদরের থানা রোডের মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকীর ফারুক ভিলার নীচতলায় অবস্থিত বিএন কোচিং সেন্টারে নিয়মিত ছাত্র-ছাত্রীদের কোচিং করানো হয়। করোনার কারণে শিক্ষার্থীর স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারী নির্দেশ অমান্য করে বিএন কোচিং সেন্টারের পরিচালক মো. নজির আহমেদ নিয়মিত কোচি বাণিজ্য করে আসছে বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে কোচিং সেন্টার খোলা রাখায় সেন্টারের পরিচালক উপজেলার আজগানা ইউনিয়নের লতিফপুর গ্রামের মো. নাজির আহমেদকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা এবং কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সদরে মাইকিংও করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও এসিল্যান্ড জুবায়ের হোসেন জানিয়েছেন।
ইত্তেফাক/এসআই