প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে বর আটক

প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করতে এসে শাহীনুর আলম শাহীন (২৫) নামে এক বরসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। শেরপুরের ঝিনাইগাতীতে ২৮ জানুয়ারি সোমবার রাতে ঘটনাটি ঘটে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটক শাহীন পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গোপালখিলা গ্রামের মৃত্যু আব্দুল করিমের ছেলে।

জানা যায়, শাহীন তার প্রথম বিয়ের কথা গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে আসেন ঝিনাইগাতী উপজেলা সদরের আব্দুল হাকিমের মেয়ে হেলেনাকে। পূর্ব নির্ধারিত তারিখে শাহীন ৩০-৪০ জন বরযাত্রী নিয়ে সোমবার রাতে আব্দুল হাকিমের বাড়িতে আসেন। রাত সাড়ে ১১টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতার এক পর্যায়ে কণের বাবা আব্দুল হাকিম জানতে পারেন শাহীনের প্রথম স্ত্রী রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

আরো পড়ুন: খবর সংগ্রহে গিয়ে মুগদা হাসপাতালে হামলার শিকার দুই সাংবাদিক

এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কণের পক্ষের লোকদের অভিযোগের প্রেক্ষিতে বর শাহীনসহ বরযাত্রীর পাঁচজনকে আটক করে পুলিশ। 

শাহীনের ছোট ভাই শামীম হাসান জানায়, তার ভাই প্রথম বিয়ে করেছিল ৫ বছর আগে। তা বিচ্ছেদ হয়েছে। 

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উভয় পক্ষকে নিয়ে থানায় একটি সমঝোতা বৈঠকের প্রস্তুতি চলছে। 

ইত্তেফাক/জেডএইচ