রাজশাহী মহানগরীর নামোভদ্রা জামালপুর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় চারটি নামি কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ তৈরির কাঁচামালসহ ওষুধ তৈরির একটি মেশিন জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নকল ওষুধ তৈরির ওই কারখানায় (বাসায়) অভিযান চালানো হয়। আটক নগরীর নামোভদ্রা জামালপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে আনিসুর রহমান (৪২)।
অভিযানকালে মহানগর ডিবির সহকারী কমিশনার (এসি) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই বাসায় নকল ওষুধ তৈরি করা হয়। এছাড়া আমরা অভিযোগ পেয়েছি, সেখান থেকে নকল ওষুধ সরবরাহ করা হয় এবং ভুক্তভোগীরা বিভিন্ন দোকানে থেকে ওষুধ কেনার পর সেটি নকল বলে বুঝতে পারেন। এমন অভিযোগের ভিত্তিতে আমরা অনুসন্ধান শুরু করি।
অনুসন্ধানে জানতে পারি, রাজশাহীর বিভিন্ন জায়গায় এমন কারখানা আছে, যেখানে ভেজাল ওষুধ উৎপাদন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই বাসায় অভিযান চালাই। অভিযান পরিচালনার সময় বিভিন্ন নামি-দামি কোম্পানির যে সকল ওষুধ মার্কেটে বেশি বিক্রি হয় সেসব বিপুল পরিমাণে নকল ওষুধ উদ্ধার করি। আমরা এই কোম্পানির মূল মালিককে আটক করতে সক্ষম হয়েছি।
আটক আনিসুর জানান, তিনি ঢাকা থেকে ওষুধ উৎপাদন মেশিনটি নিয়ে এসে দীর্ঘ ১ বছর ধরে নকল ওষুধ তৈরি ও বিক্রি করছেন। রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি নকল ওষুধ বিক্রি করে আসছেন। অনেকটা নির্জন এলাকার অবস্থিত নিজের বাড়িতে মেশিন বসিয়ে চারটি নামি কোম্পানির নকল ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ ও ওষুধ তৈরির কারিগরকেও আটক করা হয়েছে। ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচডি