টেডি বিয়ারের পোশাক পরে ৬৪৪ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিলেন যুবক

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের বাসিন্দা জেসি লারিওস। সম্প্রতি তিনি একটি টেডি বিয়ারের পোশাক পরিধান করে নিজ বাড়ি থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত মোট ৬৪৪ কিলোমিটার (৪০০ মাইল) পথ হেঁটে পাড়ি দিয়েছেন।  এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ৩৩ বছর বয়সী এই যুবক গত ১২ এপ্রিল লস এঞ্জেলেসের নিজ বাড়ি থেকে একটি টেডি বিয়ারের পোশাক পরিধান করে বের হন। তার আগে ‘গোফাউন্ডমি’ নামের একটি অ্যাকাউন্ট খোলেন। তবে হাটতে বের হওয়ার সময় কোথায় যাবেন, সে ব্যাপারে পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। এমনকি টেডি বিয়ারের পোশাক পরার ক্ষেত্রেও কোনো উদ্দেশ ছিল না।

জেসি লারিওস বলেন, নিঃসন্দেহে এটি একটি আবেগপ্রবণ সিদ্ধান্ত ছিল। কারণ এর জন্য আমি কোনো পূর্ব পরিকল্পনা করিনি। 

গত ২১ এপ্রিল তিনি সান ফ্রান্সিসকো গিয়ে পৌঁছান। এই সময়ের মধ্যে ‘গোফাউন্ডমি’ অ্যাকাউন্টে ৭ হাজার ১০০ মার্কিন ডলার জমা হয়েছে। এই টাকাগুলো তিনি দান করতে চান বলে জানিয়েছেন। এক্ষেত্রে কোথায় দান করা যায়, তা নিয়ে অনলাইনে একটি ভোটাভুটির আয়োজন করবেন বলেও জানান। বলেন, আমি কেবল জনগণকে সহায়তা করতে চাই।

দীর্ঘ এই যাত্রাপথে তিনি খাবার ও ঘুমানোর জন্য রাস্তার পাশে থাকা গ্যাস স্টেশনে যেতেন। সেখানে প্রাকৃতিক কাজ করাসহ পরিস্কার হয়ে নিতেন। তবে ঘুমানোর ক্ষেত্রে কেবল ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন। পরে আবার হাটা শুরু করতেন। আর পথের সুন্দর দৃশ্যগুলো ইন্সটাগ্রামে পোস্ট করতেন। এভাবেই দীর্ঘ পথ পাড়ি জমান।

ইত্তেফাক/টিএ