বিকল্প ব্যবস্থায় ফিরছেন জামাল ভুঁইয়া

প্রিমিয়ার ফুটবল শুরু হবে। জাতীয় দলের অনুশীলন ঈদের পরই। দুই দিকেই জামাল ভুঁইয়াকে থাকতে হবে। সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক ছিলেন এই ফুটবলার এবং একই সঙ্গে তিনি জাতীয় দলের অধিনায়ক। লিগের খেলা অনিশ্চিত দেখে কলকাতা লিগ খেলে হতে ঢাকায় ফিরেই জামাল ভুঁইয়া চলে গিয়েছিলেন ডেনমার্কে বাবা মায়ের কাছে।

এখন খেলা শুরু হবে। ডাক পড়েছে কিন্তু জামাল ভুঁইয়া ডেনমার্ক হতে ফিরতে পারছেন না। তিনি সেখানে পাসপোর্ট জটিলতায় পড়েছেন। কোপেনহেগেনে বিমানবন্দরে জামাল ভুঁইয়া তার ড্যানিশ পাসপোর্ট দেখালে সেটি গ্রহণ করা হয়নি কোভিডের বিধিনিষেধের কারণে। ভুল করে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাননি জামাল। ঢাকায় খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গে জামালকে ঢাকায় আনার ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ব্যবস্থা নিয়েছেন।

তিনি জানিয়েছেন বাফুফে হতে ডেনমার্কে বাংলাদেশ হাই কমিশনে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠি নিয়ে বিমানবন্দরে গেলে জামালকে বিমানে উঠার অনুমতি দেয়া হয়। সোহাগ বলেন, ‘আমরা চিঠি যেটি পাঠিয়েছি সেটি পেয়ে এমিরেটস বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এই চিঠি দিয়ে জামাল বিমানে উঠতে পারবেন।’ তিনি বলেন,‘আশাকরি বিমানে উঠে গেছেন জামাল। কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ এমিরেটস বিমান হতে বলা হয়েছে বাফুফের চিঠি যাত্রী জামাল ভুঁইয়া বোর্ডিং পাস পাবেন। আমি খোঁজ নিয়ে বলতে পারবো জামাল বিমানে উঠতে পারলেন কিনা।’
      
ইত্তেফাক/এসআই