টেকনাফে শরণার্থী ক্যাম্প সংলগ্ন ১৫টি স্বর্ণের দোকান সিলগালা

টেকনাফে উপজেলা প্রশাসন শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সিলগালা করে দিয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, মোচনী এবং লেদা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান বন্ধের নির্দেশ দেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব স্বর্ণের দোকান সিলগালা করে দেওয়া হয়।

উল্লেখ্য, বিকাশ ও হুন্ডির লেন-দেনের উপর সরকারের কড়া নজরদারি থাকায় রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক মাদক ও মানব পাচারকারী সিন্ডিকেট স্বর্ণের চালান আদান-প্রদানের মাধ্যম হিসেবে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক স্বর্ণের দোকানসমূহকে ব্যবহার করে আসছে বলে অভিযোগ দীর্ঘদিনের।